জল্পনার সূত্রপাত কোথায়
কিছুদিন আগে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরা গান 'লক্ষ্মীর পাঁচালী' গেয়েছিলেন ইমন। এই গান ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়। এরপর রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান পাওয়ায় জল্পনা আরও জোরদার হয় যে ইমন হয়তো তৃণমূলে যোগ দিয়ে ভোটে নামতে পারেন।
ইমনের তীব্র প্রতিক্রিয়া
প্রার্থী তালিকায় নাম না থাকার পর এই সময় অনলাইনের সঙ্গে কথায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন গায়িকা। তিনি বলেন, এই জল্পনা তৈরি করেছে মিডিয়া। তিনি নিজে কখনও কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গান ভালোবাসেন, তার মানে এই নয় যে প্রতিবার ভোটে দাঁড়াতে হবে। এই অযথা চর্চায় মানসিক চাপে পড়েছেন বলেও জানান তিনি।
সোশ্যাল মিডিয়ায় বার্তা
সোশ্যাল মিডিয়াতেও মুখ খুলেছেন ইমন। তিনি লিখেছেন, গত কয়েক মাস ধরে মানুষ তাঁকে উত্তরপাড়া, বালি, আমতলাসহ নানা জায়গায় প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। করজোড়ে অনুরোধ করেছেন, এবার যেন তাঁকে নিজের পায়ে দাঁড়াতে দেওয়া হয়। তাঁর পরিষ্কার বার্তা, তিনি শিল্পী, গান গাওয়াই তাঁর কাজ এবং সেটাই করে যাবেন।



