টালিগঞ্জের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগের মুখে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশ বৃহস্পতিবার তাঁকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করে। অভিযোগের তালিকায় রয়েছে তোলাবাজি, শ্লীলতাহানি, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং অপরাধমূলক ষড়যন্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। অভিযোগকারী দাবি করেছেন, দীর্ঘদিন কাজ না পাওয়ার পর কাজের জন্য যোগাযোগ করলে তাঁর কাছ থেকে অর্থ দাবি করা হয়। পাশাপাশি, শ্লীলতাহানিরও অভিযোগ তোলা হয়েছে। আরও অভিযোগ, চলতি বছরের মার্চ মাসে তাঁকে ভয় দেখাতে এবং ক্ষতি করার উদ্দেশ্যে অভিযুক্তের ঘনিষ্ঠ কয়েকজন তাঁর বাড়িতে যায়।
তদন্তে উঠে এসেছে, চলচ্চিত্র জগতের একাধিক কর্মীর কাছ থেকেও কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সূত্রেই পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। অস্ত্র আইনেও অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নিউ আলিপুর থানার বাইরে ভিড় জমতে শুরু করে। বিক্ষোভকারীদের একাংশ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টালিগঞ্জে প্রভাব খাটিয়ে বিভিন্ন স্তরে অর্থ আদায় ও চাপ সৃষ্টি করা হত। অনেকেই প্রকাশ্যে এসে নিজেদের ক্ষোভ উগরে দেন।
সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্বরূপ বিশ্বাসকে থানার বাইরে আনার সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন। কিছু বিক্ষোভকারী ডিম ছোড়ারও চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে অতিরিক্ত বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়।
শিল্পী ও প্রযুক্তিবিদদের একাংশের দাবি, বহু বছর ধরে টলিপাড়ার বিভিন্ন ক্ষেত্রে একচেটিয়া প্রভাব বিস্তার করা হয়েছিল। যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে। মামলার তদন্ত চলছে এবং আরও তথ্য সামনে আসতে পারে বলে তদন্তকারী সূত্রের দাবি।



