২০১৮ সাল থেকে ক্যানসারের সঙ্গে এক অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী Nafisa Ali। প্রথমে স্টেজ ৩ পেরিটোনিয়াল ও ওভেরিয়ান ক্যানসার ধরা পড়লেও পরে রোগটি আরও জটিল হয়ে স্টেজ ৪-এ পৌঁছায় বলে তিনি নিজেই আগের একাধিক আপডেটে জানিয়েছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অস্ত্রোপচারের পর নিজের পেটের একটি ছবি পোস্ট করেছেন নাফিসা। সেখানে দেখা যাচ্ছে পাকস্থলির উপর লম্বা সেলাইয়ের দাগ। ক্যাপশনে তিনি লেখেন, “ঠিক আট বছর পর আবার বড় অস্ত্রোপচার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের জন্য এবার পাকস্থলিতে ১৮ ইঞ্চি লম্বা সেলাই। এখন নিজেকে আরও শক্তিশালী মনে হচ্ছে।”
এই পোস্ট সামনে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগের পাশাপাশি তাঁর লড়াকু মানসিকতার প্রশংসাও শুরু হয়েছে। অনেকেই কমেন্টে দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এর আগেও কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার অভিজ্ঞতা, এমনকি নাতির হাতে চুল কেটে দেওয়ার ভিডিও শেয়ার করেছিলেন নাফিসা। তিনি সবসময় নিজের চিকিৎসা এবং শারীরিক অবস্থার আপডেট খোলাখুলিভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
গত বছরের একটি আপডেটে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর ক্ষেত্রে অস্ত্রোপচার সবসময় সম্ভব হয়নি এবং কেমোথেরাপি আবার শুরু করতে হয়েছিল।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। কঠিন চিকিৎসা পর্বের মধ্যেও তিনি মানসিকভাবে দৃঢ় রয়েছেন এবং বারবার ইতিবাচক বার্তা দিচ্ছেন।



