সূত্রের খবর, আগামী ২৪ থেকে ২৬ মে ভারত সফরে আসতে পারেন মার্কিন বিদেশসচিব Marco Rubio। সফরের মূল কেন্দ্র দিল্লি হলেও, তার মাঝেই একদিনের জন্য কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ বা কলকাতার নির্দিষ্ট কর্মসূচি প্রকাশ্যে আসেনি।
দিল্লিতে থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন রুবিও। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমান পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ভারত-আমেরিকা কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এই সফর। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চল, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশসচিব Hillary Clinton কলকাতায় এসেছিলেন। সেই সময় তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র সঙ্গে বৈঠক করেছিলেন। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের আমলে মার্কিন বিদেশসচিবের সম্ভাব্য সফর ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি রুবিও কলকাতায় আসেন, তাহলে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।



