কলকাতার সোশ্যাল মিডিয়া দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ নিরঞ্জন মণ্ডল, যাঁকে নেটিজ়েনরা ‘লাফটারসেন’ নামেই বেশি চেনেন। এবার তাঁর জীবনের অন্যতম বড় সাফল্য ধরা দিল আন্তর্জাতিক মঞ্চে। একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে তিনি যোগ দিচ্ছেন Cannes Film Festival-এ। ফলে বিশ্বের তাবড় তারকাদের সঙ্গে একই রেড কার্পেটে দেখা যাবে বাংলার এই কনটেন্ট ক্রিয়েটরকেও।
নিজের এই সাফল্য নিয়ে আবেগপ্রবণ নিরঞ্জন। তিনি জানিয়েছেন, “এখনও পুরো বিষয়টা বিশ্বাস করতে পারছি না। খুব সাধারণ ভাবে নিজের গল্প বলেই কনটেন্ট তৈরি শুরু করেছিলাম। কখনও ভাবিনি সেই যাত্রা আমাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেবে।” তাঁর কথায়, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, আঞ্চলিক ভাষার কনটেন্ট নির্মাতাদের কাছেও বড় অনুপ্রেরণা।
১৪ থেকে ১৭ মে পর্যন্ত ফ্রান্সে থাকবেন নিরঞ্জন। আর কান মানেই ফ্যাশনের মঞ্চ। কী পোশাকে দেখা যাবে তাঁকে? সে প্রসঙ্গে নিরঞ্জনের বক্তব্য, তিনি চান তাঁর পোশাকে ভারতীয় সংস্কৃতির ছাপ থাকুক, তবে তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনও বজায় থাকবে। বিশেষ এই অনুষ্ঠানে তিনি ‘ভারে’-র মেনসওয়্যার পরবেন বলেও জানিয়েছেন।
নিরঞ্জনের মতে, “লুকটা যেন মনে থাকার মতো হয়, কিন্তু সেটা যেন আমার ব্যক্তিত্বকে ঢেকে না দেয়।” তাঁর এই উপস্থিতি ভবিষ্যতে আরও বহু বাংলা কনটেন্ট ক্রিয়েটরকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন অনুরাগীরা।



