ভারত-ইতালি সম্পর্ক আরও মজবুত করতে রোম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ইতালির রাজধানীতে পৌঁছতেই তাঁকে বিশেষ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, “রোমে স্বাগতম আমার বন্ধু।” সঙ্গে ছিল ভারত ও ইতালির জাতীয় পতাকার প্রতীকও।
পাঁচ দেশের কূটনৈতিক সফরের অংশ হিসেবে ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি সফর করেছেন সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে। রোম বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান ইতালির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। পরে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সম্মানে রোমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর মোদী যান ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে। সেখানেই তাঁর সঙ্গে ছবি তোলেন জর্জিয়া মেলোনি।

নিজের সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোদী জানিয়েছেন, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি। ভারত-ইতালি কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC প্রকল্প। পাশাপাশি Joint Strategic Action Plan 2025-2029 নিয়েও আলোচনা হবে। খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
কূটনৈতিক মহলের মতে, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবেশবান্ধব জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি— একাধিক ক্ষেত্রেই ভারত ও ইতালির সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গত বছর দুই দেশের মধ্যে প্রায় ১৬.৭৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। সেই পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই আলোচনা এগোবে বলে মনে করা হচ্ছে।


