আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বাইজুসের প্রতিষ্ঠাতা Byju Raveendran-কে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সিঙ্গাপুরের আদালত। বুধবার সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য সামনে আসে।
সূত্রের খবর, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বাইজুসের সম্পত্তি সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেই মামলায় আদালতের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই নির্দেশ মানেননি বাইজু রবীন্দ্রন। আদালত অবমাননার জেরেই তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আদালত তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানাও ধার্য করা হয়েছে। এছাড়াও ‘বিয়ারার ইনভেস্টকো’ নামে একটি সংস্থার মালিকানা সংক্রান্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বাইজু রবীন্দ্রন। তাঁর দাবি, তিনি কোনও বেআইনি কাজ করেননি। তবে বর্তমানে তিনি কোথায় রয়েছেন, তা স্পষ্ট নয়।
২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া BYJU'S খুব অল্প সময়ের মধ্যেই ভারতের সবচেয়ে বড় এডটেক সংস্থাগুলির মধ্যে জায়গা করে নেয়। বিশেষ করে করোনা কালে অনলাইন শিক্ষার চাহিদা বাড়তেই সংস্থার জনপ্রিয়তা কয়েকগুণ বৃদ্ধি পায়। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও বিপুল অর্থ সংগ্রহ করেছিল সংস্থাটি।
কিন্তু ২০২২ সালের শেষ দিক থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। আর্থিক ক্ষতি, কর্মী ছাঁটাই, ঋণখেলাপির অভিযোগ— একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ে বাইজুস। পরে সেই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। এবার সেই মামলাতেই বড় ধাক্কার মুখে পড়লেন সংস্থার প্রতিষ্ঠাতা।



