দীর্ঘ ১৪ বছর পর ফের কলকাতায় মার্কিন বিদেশসচিবের সফর ঘিরে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন মার্কিন বিদেশসচিব Marco Rubio। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রীও। শহরে পৌঁছেই তাঁরা যান Mother House-এ। সেখানে প্রায় ঘণ্টাদুয়েক সময় কাটানোর পর একটি শিশু নিবাসেও যান তাঁরা। পরে Victoria Memorial ঘুরে দেখারও কথা রয়েছে তাঁদের।
জানা গিয়েছে, কলকাতা সফর শেষ করেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন রুবিও। রাজধানীতে প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি সহযোগিতা, কোয়াড এবং কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে খবর।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Sergio Gor সমাজমাধ্যমে রুবিওর সফরের কথা জানান। তিনি লেখেন, এটি রুবিওর প্রথম ভারত সফর এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য।
সূত্রের খবর, শুধু কলকাতা বা দিল্লিই নয়, আগ্রা এবং জয়পুর সফরও রয়েছে মার্কিন বিদেশসচিবের কর্মসূচিতে।
রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এই সফরের আলাদা তাৎপর্য রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী Suvendu Adhikari শিল্প ও বিনিয়োগ নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। একই সময়ে বিদেশি বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক নিয়ে কেন্দ্রীয় সরকারও সক্রিয়। ফলে মার্কিন বিদেশসচিবের এই সফরকে ঘিরে শিল্প, বিনিয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
বিশেষ করে উত্তরবঙ্গ সংলগ্ন অঞ্চল এবং প্রতিবেশী বাংলাদেশে চিনের ক্রমবর্ধমান প্রভাবের আবহে রুবিওর ভারত সফরকে অনেকেই কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।



