তুরস্কের Kahramanmaraş প্রদেশের একটি স্কুলে বুধবার সকালে ঘটে যায় মর্মান্তিক গুলিকাণ্ড। প্রাথমিক তথ্য অনুযায়ী, অষ্টম শ্রেণির ১৪ বছরের এক ছাত্র দু’টি ক্লাসরুমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়।
এই হামলায় ৮ জন ছাত্রছাত্রী এবং ১ জন শিক্ষক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৩ জন। পরে হামলাকারী কিশোরেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় আপাতত কোনও জঙ্গি যোগের প্রমাণ মেলেনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরের বাবা একজন প্রাক্তন পুলিশকর্তা। বাবার বন্দুক চুরি করেই সে স্কুলে নিয়ে আসে এবং এই হামলা চালায়।
উল্লেখ্য, গত দু’দিনে তুরস্কে এটি দ্বিতীয় স্কুল হামলার ঘটনা। এর আগে সোমবার Şanlıurfa এলাকার একটি স্কুলে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করেছিল।
পরপর এই দুই ঘটনার পর তুরস্কে স্কুল নিরাপত্তা এবং অপ্রাপ্তবয়স্কদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে যাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



