সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (ওএসএম) ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন মাত্রা পেল। দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের পর দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবক মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং এবং শিক্ষা দপ্তরের সচিব সঞ্জয় কুমারকে তলব করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
জানা গিয়েছে, কমিটির বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূল্যায়ন ব্যবস্থার স্বচ্ছতা, প্রযুক্তিগত ত্রুটি এবং শিক্ষার্থীদের স্বার্থরক্ষার বিষয়গুলি সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর থেকেই নানা ধরনের অভিযোগ সামনে আসতে শুরু করে। কেউ দাবি করেছেন প্রত্যাশার তুলনায় অনেক কম নম্বর পেয়েছেন, আবার কেউ অভিযোগ করেছেন যে তাঁদের অ্যাকাউন্টে অন্য শিক্ষার্থীর উত্তরপত্র দেখা গিয়েছে। একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন, স্ক্যান করা উত্তরপত্রের কিছু পৃষ্ঠা অনুপস্থিত ছিল অথবা এতটাই অস্পষ্ট ছিল যে তা সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কিছু ক্ষেত্রে উত্তর মূল্যায়ন সম্পূর্ণ হয়নি বলেও অভিযোগ উঠেছে। আবার কোথাও নম্বর গণনায় ভুল ধরা পড়েছে। ফলে পুনর্মূল্যায়ন ও উত্তরপত্র যাচাইয়ের আবেদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও নতুন করে সমস্যার অভিযোগ সামনে এসেছে। ১ জুন থেকে পুনর্মূল্যায়নের জন্য পোর্টাল খোলার কথা থাকলেও বহু পরীক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি ‘আন্ডার মেনটেন্যান্স’ দেখাচ্ছে। পরে পোর্টাল চালু হলেও আবেদন জমা দেওয়া, লগইন এবং পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সূত্রের খবর, সারা দেশে প্রায় চার লক্ষেরও বেশি পরীক্ষার্থী পুনর্মূল্যায়ন বা উত্তরপত্র যাচাইয়ের জন্য আবেদন করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের অনেকেই প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন।
এই পরিস্থিতিতে সংসদীয় স্থায়ী কমিটি মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে চায়। প্রথমত, নতুন প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকর এবং নির্ভুল। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ও নজরদারি ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করা হয়েছে কি না।
এছাড়াও কমিটির বৈঠকে নবম ও দশম শ্রেণিতে ‘তিন ভাষা ফর্মুলা’ বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন এই কমিটি সাম্প্রতিক শিক্ষানীতি সংক্রান্ত একাধিক বিতর্কিত বিষয়ও পর্যালোচনা করবে বলে জানা গিয়েছে।
শিক্ষা মহলের একাংশের মতে, ওএসএম পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন দ্রুত ও আধুনিক করার লক্ষ্য থাকলেও বাস্তব প্রয়োগে একাধিক ত্রুটি সামনে এসেছে। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং মূল্যায়নের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এখন নজর সংসদীয় কমিটির বৈঠকের দিকে। সিবিএসই কর্তৃপক্ষ কী ব্যাখ্যা দেয় এবং শিক্ষার্থীদের অভিযোগের সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়, তার উপরই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি।



