বড় সিদ্ধান্ত নিল National Testing Agency। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, বাতিল করা হচ্ছে NEET-UG 2026 পরীক্ষা। গত ৩ মে সারা দেশে আয়োজিত হয়েছিল ডাক্তারি পড়ার এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় কারচুপির একাধিক অভিযোগ সামনে আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিএ।
সূত্রের খবর, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিল এনটিএ। সেই তথ্য খতিয়ে দেখার পর কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে Central Bureau of Investigation-এর হাতে।
এনটিএ তাদের সরকারি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত হাতে আসা তথ্যের ভিত্তিতে এই পরীক্ষার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সেই কারণেই ভবিষ্যৎ পরীক্ষার্থীদের স্বার্থে এবং গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা গিয়েছে, নতুন করে কবে পরীক্ষা হবে, তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পরীক্ষার সমস্ত নথি ও তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছে এনটিএ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে NEET প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক তীব্র হচ্ছিল। বিশেষ করে রাজস্থানের সিকার-সহ একাধিক জায়গায় পরীক্ষার আগেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। সেই আবহেই অবশেষে গোটা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল।



