আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মাঝেই সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তবে বৈঠকের আগেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের এই আলোচনায় যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।
ইরানের সরকারি সংবাদসংস্থা Islamic Republic News Agency (আইআরএনএ) জানিয়েছে, পাঁচটি প্রধান কারণে তারা এই বৈঠক থেকে দূরে থাকছে। সেগুলি হল—
আমেরিকার অতিরিক্ত দাবিদাওয়া
ইরানের কাছে অযৌক্তিক ও অবাস্তব প্রত্যাশা
বারবার অবস্থান পরিবর্তন
স্ববিরোধী বক্তব্য
হরমুজ় প্রণালীতে মার্কিন অবরোধ বজায় রাখা
আইআরএনএ-র মতে, এই পরিস্থিতিতে গঠনমূলক আলোচনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ়ে মার্কিন নৌ-অবরোধ চালিয়ে যাওয়া এবং নতুন করে হামলার হুঁশিয়ারি দেওয়ায় তেহরানের আস্থা আরও কমেছে।
এর আগে ১১-১২ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার বৈঠকেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। সেই বৈঠকের পর থেকেই দু’পক্ষের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ় প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের অবস্থান বিপরীত।
এদিকে ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরান আমেরিকার প্রস্তাবে রাজি না হলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা হতে পারে। এই হুঁশিয়ারিকেও ‘চাপের রাজনীতি’ বলে কটাক্ষ করেছে তেহরান।



