আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে NATO জোটকে ঘিরে। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় নেটোর এক সদস্য দেশ স্পেনকে সাময়িক ভাবে ‘সাসপেন্ড’ করার প্রস্তাব বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর Pentagon। সংবাদসংস্থা রয়টার্স একটি গোপন ইমেলের উল্লেখ করে এই তথ্য সামনে এনেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ইমেলে ইউরোপের দেশ স্পেনের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ হিসেবে নেটো থেকে সাময়িক সাসপেনশনের রূপরেখা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংক্রান্ত ব্রিটেনের দাবি পুনর্বিবেচনার কথাও সেখানে উল্লেখ রয়েছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছয়নি, তবুও এই প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, এই নীতিগত প্রস্তাবের নেপথ্যে রয়েছেন পেন্টাগনের শীর্ষ উপদেষ্টা এলব্রিজ কলবি। তিনি মনে করছেন, যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে পূর্ণ সমর্থন দিতে অনীহা দেখাচ্ছে কিছু মিত্র দেশ। সেই প্রেক্ষিতেই বিকল্প নীতি হিসেবে এই ধরনের কড়া পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। স্পেনকে ‘ভিন্নমত পোষণকারী’ দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সম্প্রতি Iran-এর সঙ্গে সংঘাতের সময়ে হরমুজ় প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump নেটো দেশগুলির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিশেষ করে সেনা পাঠিয়ে সরাসরি সহায়তা না করার জন্য তিনি সমালোচনা করেন একাধিক মিত্র দেশের।
তবে প্রশ্ন উঠছে, আদৌ কি নেটো থেকে কোনও সদস্য দেশকে সাসপেন্ড করা সম্ভব? পেন্টাগন নিজেই স্বীকার করেছে, নেটোর প্রতিষ্ঠা চুক্তিতে এমন কোনও স্পষ্ট বিধান নেই। ফলে এই প্রস্তাব কার্যকর করতে গেলে আইনি ও কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে।
এই প্রেক্ষাপটে স্পেনের অবস্থানও গুরুত্বপূর্ণ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। যদিও যুক্তরাজ্য ও ফ্রান্স সরাসরি যুদ্ধে অংশ না নিলেও হরমুজ় প্রণালী খোলা রাখতে উদ্যোগী হয়েছিল এবং সংঘর্ষবিরতির পক্ষে সওয়াল করেছিল।
বিশ্লেষকদের মতে, এই ঘটনাপ্রবাহ নেটোর অভ্যন্তরীণ ঐক্যে চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতির দিকনির্দেশ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। ভবিষ্যতে এই প্রস্তাব কতদূর এগোয়, তার দিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।



