পাকিস্তানের লাহৌরে গুলিবিদ্ধ হয়েছেন লশকর-এ-ত্যায়বার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি সংবাদমাধ্যমের দফতরের সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
আমির হামজা দীর্ঘদিন ধরেই লশকর প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি শুধু সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যই নন, এক সময় লশকর পরিচালিত প্রকাশনার সম্পাদকের দায়িত্বও সামলেছেন। জঙ্গি মতাদর্শ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর বক্তৃতা এবং লেখালেখির ভূমিকা উল্লেখযোগ্য বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি।
তাঁর বিরুদ্ধে ভারতে একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি আফগান মুজাহিদিনের সঙ্গেও তাঁর অতীত যোগাযোগ ছিল বলে জানা যায়।
আমেরিকার ট্রেজারি দফতরের কালো তালিকাতেও তাঁর নাম রয়েছে। অভিযোগ, জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, নতুন সদস্য নিয়োগ এবং ধৃত জঙ্গিদের মুক্তির জন্য আলোচনা চালানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
২০১৮ সালে লশকর-ঘনিষ্ঠ সংগঠনগুলির উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়ার পর তিনি মূল সংগঠন থেকে দূরত্ব বজায় রাখেন এবং পরে ‘জইশ-ই-মানকফা’ নামে একটি নতুন সংগঠন গড়ে তোলেন। সূত্রের দাবি, এই সংগঠন জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত।
গুলির ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান পুলিশ তদন্ত শুরু করেছে।



