সোমবার বিকেলে জাপানে শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়াল। জাপান আবহাওয়া দপ্তর (JMA) এবং আন্তর্জাতিক সংস্থাগুলির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪, যদিও পরে কিছু রিপোর্টে তা ৭.৭ পর্যন্ত সংশোধন করা হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রশাসনিক এলাকার কাছে প্রশান্ত মহাসাগরের তলদেশে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ থেকে ২০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন শুধু ইওয়াতে নয়, টোকিও-সহ বহু দূরের শহরেও অনুভূত হয়। এর জেরে সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে সুনামির সতর্কতা জারি করা হয়। প্রায় ৪০ মিনিট পরে ইওয়াতের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। যদিও প্রথমে ৩ মিটার পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা করা হয়েছিল, পরে সতর্কতা কিছুটা কমানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে উপকূল ও নদীর ধারের বাসিন্দাদের দ্রুত উঁচু এলাকায় বা নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একাধিক জায়গায় বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং কয়েকটি মহাসড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
জাপানের প্রধানমন্ত্রী জনগণকে সতর্ক থেকে নিরাপদ স্থানে থাকার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞরা আগামী কয়েকদিন আরও বড় আফটারশক বা শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
এখনও পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।



