আমেরিকা-ইরান সংঘাতের আবহে ইসলামাবাদে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তিবৈঠক নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। Pakistan প্রশাসনের একটি সূত্রকে উদ্ধৃত করে Reuters জানিয়েছে, ইরানের তরফে ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছে। সেই কারণেই বৈঠক মঙ্গলবার হোক বা পরে, তেহরানের প্রতিনিধিদল যোগ দিতে পারে বলে মনে করছে ইসলামাবাদ।
পাকিস্তানের সূত্রের দাবি, দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে। সূত্রের ভাষায়, “এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ইরান বৈঠকে উপস্থিত থাকে।”
এই বৈঠককে ঘিরে উদ্বেগের মূল কারণ হল, বুধবার আমেরিকা-ইরানের প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। যদি তার আগে আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে পশ্চিম এশিয়ায় ফের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা বাড়তে পারে।
অন্যদিকে, Iran-এর পার্লামেন্ট স্পিকার Mohammad Bagher Ghalibaf স্পষ্ট জানিয়েছেন, হুমকি দিয়ে আলোচনায় বসানো যাবে না। সমাজমাধ্যমে তিনি বলেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিল’ বানানোর চেষ্টা চলছে। তাঁর এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD Vance-এর পাকিস্তান সফরের কথাও সামনে এসেছে, যা এই শান্তিবৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এখন নজর মঙ্গলবারের সম্ভাব্য বৈঠকের দিকে।



