ইরানের নতুন শান্তিপ্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্তগুলি কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ফলে আমেরিকা-ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
সূত্রের খবর, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শান্তিপ্রস্তাব পাঠিয়েছিল তেহরান। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ওই প্রস্তাবে একাধিক গুরুত্বপূর্ণ শর্তের কথা উল্লেখ করা হয়েছিল। যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। পাশাপাশি হরমুজ় প্রণালীতে নিজেদের সার্বভৌম অধিকার বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
এছাড়াও, হরমুজ়ে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে তেহরান। তেল বিক্রির উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অন্তত ৩০ দিনের জন্য প্রত্যাহার করার কথাও বলা হয়েছে প্রস্তাবে।
লেবাননের হিজ়বুল্লা সমর্থিত সংবাদমাধ্যম ‘অল ময়াদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত পাকিস্তানের মাধ্যমেই দুই দেশের মধ্যে কথাবার্তা চালানো হবে। অন্যদিকে, ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার প্রস্তাব অনুযায়ী ২০ বছরের জন্য নয়, তুলনামূলক কম সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে রাজি ইরান। তবে কোনও পরমাণুকেন্দ্র ধ্বংস করতে তারা নারাজ।
এই আবহে ট্রাম্পের কড়া অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলেই আশঙ্কা কূটনৈতিক মহলের।



