হরমুজ় প্রণালীকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগের আবহে বৃহস্পতিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। শুক্রবার প্যারিসে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ ভার্চুয়াল সম্মেলনের আগে এই ফোনালাপ ঘিরে কূটনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী নিজেই সমাজমাধ্যমে এই ফোনালাপের কথা জানান। তিনি মাক্রোঁকে “বন্ধু” বলে উল্লেখ করে লেখেন যে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং হরমুজ় প্রণালীতে অবাধ জাহাজ চলাচলের প্রয়োজনীয়তা নিয়ে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে।
মোদীর কথায়, হরমুজ় প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা দ্রুত ফিরিয়ে আনা জরুরি— এই বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। একই সঙ্গে অঞ্চল ও তার বাইরের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও ফ্রান্স যৌথভাবে কাজ চালিয়ে যাবে বলেও বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, কয়েক দিন ধরেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং হরমুজ় প্রণালী ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফ্রান্সের উদ্যোগে শুক্রবার প্যারিসে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে ব্রিটেনও অংশ নিচ্ছে।
এর আগেও মাক্রোঁ ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতার চেষ্টা করেছিলেন। সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেন। সেই ধারাবাহিকতায় ভারতের সঙ্গে এই আলোচনা আন্তর্জাতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভারত বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ হওয়ায় হরমুজ় প্রণালীর পরিস্থিতি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সম্মেলনের আগে মোদীর সঙ্গে মাক্রোঁর এই আলোচনা ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে।



