ইউরোপীয় দেশ Hungary-এর পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। একটানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর এই প্রথমবার বড় পরাজয়ের মুখে পড়ল তাঁর দল ফিদেজ।
আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি, তবে ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ওরবান। তিনি ফোন করে পিটার মাজিয়ারকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানা গিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৮ শতাংশ ভোট গণনা শেষে মাজিয়ারের মধ্য-ডানপন্থী তিসজা পার্টি ১৩৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ওরবানের দল ফিদেজ পেয়েছে মাত্র ৫৫টি আসন। মোট ১৯৯টি আসনের এই নির্বাচনে ফলাফল কার্যত স্পষ্ট।
উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক রাজনীতিতে Donald Trump এবং Vladimir Putin-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ওরবান। তাঁর এই পরাজয় ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জয়ের পর রাজধানী Budapest-এ দানিয়ুব নদীর তীরে সমর্থকদের সঙ্গে উদ্যাপনে মেতে ওঠেন পিটার মাজিয়ার। নিজের ভাষণে তিনি বলেন, “সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। দেশের মানুষ নিজেরাই পরিবর্তনের পথ বেছে নিয়েছেন।”
৪৫ বছর বয়সী এই নেতা দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, এত ব্যাপক জনসমর্থন আগে কোনও একক দল পায়নি।
অন্যদিকে ওরবান এই ফলাফলকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, বিরোধী দল হিসেবেই এবার দেশের সেবা করবেন।



