নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। দিল্লির আদালতে সিবিআই জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ভিতর থেকেই প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, এই চক্রের সঙ্গে এনটিএ-র কোনও অভ্যন্তরীণ সূত্রের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সিবিআই সূত্রে খবর, মহারাষ্ট্রের নাসিক থেকে গ্রেফতার হওয়া আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনার পুণের এক ব্যক্তির কাছ থেকে প্রশ্নপত্র পেয়েছিলেন। সেই ব্যক্তির সঙ্গে এনটিএ-র কোনও সূত্রের যোগাযোগ থাকতে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা।
এই মামলার তদন্তে ইতিমধ্যেই তিনটি রাজ্য থেকে পাঁচ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। পাশাপাশি বৃহস্পতিবার পুণে থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে এক জন মহিলা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং গুরুত্বপূর্ণ কথোপকথনের রেকর্ড।
সিবিআই জানিয়েছে, এই বৃহৎ চক্রের শিকড় খুঁজে বার করতে আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি এনটিএ এবং অন্য সরকারি দফতরের একাধিক আধিকারিককে চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। তদন্তের স্বার্থে সিবিআইয়ের একটি দল দিল্লিতে এনটিএ-র সদর দফতরেও তথ্য সংগ্রহ করতে গিয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে নিট-ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত ১২ মে পরীক্ষা বাতিল করে এনটিএ। পরে সংস্থা ঘোষণা করেছে, আগামী ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হবে। পুনঃপরীক্ষায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।



