দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের জলসীমায় প্রবেশপথ অবরুদ্ধ করে রাখল চীন। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, চীনা নৌসেনা ও কোস্ট গার্ড মোতায়েন করে প্রায় ৩৫২ মিটার দীর্ঘ একটি ভাসমান বেড়া তৈরি করা হয়েছে। একাধিক ফিশিং বোট ও কোস্ট গার্ডের নৌকা ব্যবহার করে এই বাধা তৈরি করা হয়েছে, যার ফলে ফিলিপিন্সের মৎস্যজীবীদের চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে।
ভৌগোলিক দিক থেকে এই অঞ্চল ফিলিপিন্সের অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত হলেও, চীন দীর্ঘদিন ধরেই এটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। ২০১২ সাল থেকে বেজিং কার্যত শক্তি প্রয়োগ করে এই অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
পরিস্থিতির জেরে ফিলিপিন্স ও আমেরিকা যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ার মূল লক্ষ্য দক্ষিণ চীন সাগরে নৌ-চলাচলের অধিকারকে আরও জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা।
ফিলিপিন্স প্রশাসন ইতিমধ্যেই কোস্ট গার্ড ও মৎস্যজীবী নৌকা পাঠালেও চীনের বাধা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই টানাপোড়েন ভবিষ্যতে বৃহত্তর কূটনৈতিক বা সামরিক সংঘাতের রূপ নিতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক আদালত এই জলসীমা নিয়ে চীনের দাবিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে রায় দিয়েছিল। তবুও সার্বভৌমত্বের বিরোধ এখনও মেটেনি, ফলে দক্ষিণ চীন সাগর আবারও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে।



