নবম ও দশম শ্রেণির ভাষাশিক্ষায় বড় পরিবর্তনের পথে Central Board of Secondary Education। বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষ থেকেই সিবিএসই অধীনস্থ সমস্ত স্কুলে তিন ভাষা পড়া বাধ্যতামূলক করা হচ্ছে। এর মধ্যে অন্তত দু’টি ভাষা হতে হবে ভারতীয় আঞ্চলিক ভাষা।
বোর্ড জানিয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি এবং ২০২৩ সালের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন নীতি কার্যকর হবে।
সংশোধিত ভাষানীতি অনুযায়ী, মাতৃভাষা-সহ দু’টি ভারতীয় ভাষা বাধ্যতামূলক থাকবে। এর পাশাপাশি ইংরেজিকে তৃতীয় ভাষা হিসেবে নেওয়া যাবে। কোনও পড়ুয়া যদি ফরাসি, জার্মান বা অন্য বিদেশি ভাষা শিখতে চায়, তা হলে সেটি অতিরিক্ত চতুর্থ ভাষা হিসেবে বেছে নিতে পারবে।
তবে নতুন শিক্ষাবর্ষ ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তৃতীয় ভাষার নতুন পাঠ্যবই প্রকাশ না হওয়া পর্যন্ত নবম শ্রেণির পড়ুয়ারা ষষ্ঠ শ্রেণির ভাষাভিত্তিক বই ব্যবহার করতে পারবে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ভাষা শেখাতে আঞ্চলিক কবিতা, ছোটগল্প ও উপন্যাস পড়ানোরও অনুমতি দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
বোর্ড জানিয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে অতিরিক্ত পাঠ্যসামগ্রী ব্যবহারের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। পাশাপাশি ১ জুলাইয়ের মধ্যে ১৯টি তপশিলি ভাষার পাঠ্যবই স্কুলগুলিতে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
নতুন নীতি কার্যকর করতে গিয়ে অনেক স্কুলে আঞ্চলিক ভাষার শিক্ষকের অভাব দেখা দিতে পারে বলেও আশঙ্কা করেছে বোর্ড। সেই কারণে পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক ব্যবহার, অনলাইন বা হাইব্রিড ক্লাস, অবসরপ্রাপ্ত শিক্ষক পুনর্নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগের মতো বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।



