পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসে জোর
পুজোর পরেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। তার আগে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ডের সীমানা নতুন করে নির্ধারণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই বুধবার বিধানসভার বিশেষ বর্ষাকালীন অধিবেশনে কলকাতা এবং হাওড়া পুরসভা সংক্রান্ত পৃথক সংশোধনী বিল পেশ করা হয়।
প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হতে পারে। অন্যদিকে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ৬৮টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও এদিন বিধানসভায় পেশ করা হয়।
রাজ্য সরকারের যুক্তি, জনসংখ্যার পরিবর্তন এবং ওয়ার্ডগুলিতে ভোটারের সংখ্যার তারতম্যের কারণে এই পুনর্বিন্যাস প্রয়োজনীয় হয়ে উঠেছে। প্রশাসনের দাবি, নতুন সীমানা তৈরি হলে তুলনামূলকভাবে সমসংখ্যক ভোটারকে নিয়ে ওয়ার্ড গঠন করা সম্ভব হবে। এর ফলে নাগরিক পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যাবে।
হাওড়া নিয়ে সরব অগ্নিমিত্রা
হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে বিধানসভায় পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে হাওড়া নাগরিক পরিষেবার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।
অগ্নিমিত্রার অভিযোগ, আগের সরকারের সময়ে হাওড়ায় দুর্নীতি, বেআইনি নির্মাণ এবং পুকুর ভরাটের মতো ঘটনা ঘটেছে। শহরের নিকাশি ব্যবস্থারও বেহাল দশা বলে দাবি করেন তিনি। বহু এলাকায় এখনও পর্যাপ্ত পানীয় জল পৌঁছয় না বলেও অভিযোগ করেন মন্ত্রী।
তাঁর বক্তব্য, বর্তমান সরকার রাস্তা, নিকাশি এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বিশেষ পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে হাওড়ার বাসিন্দারা বঞ্চিত হয়েছেন বলেও বিধানসভায় দাবি করেন তিনি।
ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে অগ্নিমিত্রা বলেন, জনসংখ্যার ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত প্রয়োজন। তাঁর দাবি, ৫০টি ওয়ার্ডের বদলে ৬৮টি ওয়ার্ড হলে প্রশাসনিক কাজ আরও সহজ হবে এবং নাগরিকদের কাছে পুর পরিষেবা দ্রুত পৌঁছনোর সুযোগ তৈরি হবে।
ভোটার সংখ্যার ভারসাম্যের যুক্তি
বিধানসভায় হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাইও ওয়ার্ড পুনর্বিন্যাসের পক্ষে সওয়াল করেন। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে নাগরিক পরিষেবার ক্ষেত্রে হাওড়ার মানুষের সঙ্গে বঞ্চনা হয়েছে। বিশেষ করে বালি এবং হাওড়ার নিকাশি সমস্যা নিয়ে সরব হন তিনি।
উমেশের দাবি, নতুন ব্যবস্থায় ওয়ার্ডের আকার ছোট হলে প্রশাসনের পক্ষে স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা সহজ হবে। হাওড়া পুরসভার উন্নয়নের জন্য বর্তমান সরকার ৪,৭০২ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও বিধানসভায় দাবি করেন তিনি।
বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচিও ওয়ার্ড পুনর্বিন্যাসকে সমর্থন করেন। তাঁর বক্তব্য, ৫০টি ওয়ার্ডের মধ্যে কয়েকটির ভোটার সংখ্যা ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নতুন ব্যবস্থায় প্রতি ওয়ার্ডে আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার ভোটার রাখা সম্ভব হবে। ফলে পুর পরিষেবা পরিচালনার ক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে বলে দাবি তাঁর।
কৌস্তভ আরও বলেন, ২০১৮ সালের পর থেকে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। নির্বাচিত পুরপ্রতিনিধি না থাকায় প্রশাসক দিয়ে পুরসভা পরিচালনা করতে হয়েছে। তাঁর মতে, পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিধানসভায় ফিরহাদ-জিতেন্দ্রর বাগ্যুদ্ধ
হাওড়ার দীর্ঘদিনের পরিস্থিতি নিয়ে শাসকদলের বিধায়কদের বক্তব্যের মধ্যে কলকাতার প্রাক্তন পুরমন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে নিশানা করা হয়। হাওড়া ও বালির নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা।
পূর্বতন সরকারের সময়ে কেন হাওড়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, সেই প্রশ্নের জবাব দিতে দাঁড়ান ফিরহাদ। তিনি জানান, বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
তবে তাঁর বক্তব্যের মধ্যেই বিধানসভায় উত্তেজনা তৈরি হয়। বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে ফিরহাদ হাকিমের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য হইহট্টগোলে পরিণত হয়।
অর্থাৎ শুধুমাত্র প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এই বিলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও যে আরও বাড়বে, তা এদিনের অধিবেশনেই স্পষ্ট হয়ে যায়।
কলকাতায় ১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড
হাওড়ার পাশাপাশি কলকাতা পুরসভার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার ১৪৪টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ২০০টি করার জন্য আগে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু বাস্তবে সীমানা নির্ধারণের সময় একাধিক প্রশাসনিক জটিলতা সামনে আসে।
প্রতিটি ওয়ার্ডে প্রায় ১৬ হাজার ভোটার রাখার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে শুধু ভৌগোলিক সীমানা নয়, প্রশাসনিক কাঠামো নিয়েও সমস্যা তৈরি হয়। সেই কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন ওয়ার্ডের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।
৩১ জুলাই নতুন ওয়ার্ডের তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। পরে কলকাতা পুরসভার তরফে ২০৯টি ওয়ার্ডের মানচিত্র তৈরি করে পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়। অর্থাৎ পূর্বের ২০০ ওয়ার্ডের পরিকল্পনার পরিবর্তে শেষ পর্যন্ত ২০৯টি ওয়ার্ড করার প্রস্তাব সামনে এসেছে।
সূত্রের খবর, ওয়ার্ডের সংখ্যা বাড়লেও কলকাতা পুরসভায় বরোর সংখ্যা ১৬-ই থাকবে। নতুন ওয়ার্ডের চূড়ান্ত কাঠামো কার্যকর হলে পরবর্তী ধাপে সংরক্ষণ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে।
সংরক্ষণ চিহ্নিত করবে নির্বাচন কমিশন
নতুন ওয়ার্ডের তালিকা হাতে পাওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা শুরু হবে। কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে এবং ২০৯টি ওয়ার্ডের মধ্যে কোনগুলি মহিলা ও তফসিলি জাতির জন্য সংরক্ষিত হবে, তা চিহ্নিত করবে।
পুজোর আগেই এই প্রক্রিয়ার বড় অংশ শেষ করার লক্ষ্য রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপর পুরভোটের প্রস্তুতি আরও স্পষ্ট হতে পারে।
অন্যদিকে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডকে ৬৮টি করার কাজও কলকাতার সঙ্গে সমান্তরালভাবে এগিয়েছে। নতুন ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ এবং মানচিত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
হাওড়ায় দীর্ঘদিন ধরে নির্বাচিত পুরপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের দাবি, নতুন ওয়ার্ড কাঠামো এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সেই সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব হবে।
সব মিলিয়ে কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাসকে ঘিরে এখন প্রশাসনিক এবং রাজনৈতিক—দুই ক্ষেত্রেই তৎপরতা বাড়ছে। বিশেষ অধিবেশনে সংশোধনী বিলের পরবর্তী গতিপথ এবং তা পাস হওয়ার পর নির্বাচন কমিশনের পদক্ষেপের উপরই নির্ভর করবে পুরভোটের প্রস্তুতির পরবর্তী পর্যায়।



