পয়লা বৈশাখে দমদমের কালিন্দী হাউজ়িংয়ের ঘোষ পরিবারে খুশির জোয়ার। সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে নজির গড়েছে অনিশা ঘোষ। যদিও বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক মেধাতালিকা প্রকাশ করা হয়নি, তবু এই ফলের ভিত্তিতে সে দেশজুড়ে সম্ভাব্য প্রথম সারির কৃতীদের মধ্যে জায়গা করে নিয়েছে।
অনিশার সঙ্গে একইসঙ্গে আলোচনায় এসেছে তার যমজ বোন অনিষ্কাও। মাত্র দু’মিনিটের ছোট অনিষ্কা পেয়েছে ৯৯.২ শতাংশ নম্বর। অসাধারণ এই ফলও যে কোনও ছাত্রীর জন্য গর্বের, কিন্তু দিদির ১০০% নম্বরের পাশে নিজের ফলকে কিছুটা কম মনে হওয়ায় তার মন খারাপ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বোনই ভারতীয় বিদ্যাভবন স্কুলের ছাত্রী। তাঁদের বাবা অভিজিৎ ঘোষ জানিয়েছেন, অনিষ্কার সামনে ‘ইমপ্রুভমেন্ট টেস্ট’-এর সুযোগ থাকলেও সে দ্বিতীয়বার পরীক্ষায় বসবে না। বরং একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভবিষ্যতের প্রস্তুতিতেই মন দিতে চায় দুই বোন।
চলতি বছর থেকেই সিবিএসই বোর্ড দ্বিতীয় দফার ‘ইমপ্রুভমেন্ট টেস্ট’-এর সুযোগ চালু করেছে। মূল পরীক্ষার নম্বর পছন্দ না হলে সর্বাধিক তিনটি বিষয়ে আবার পরীক্ষা দেওয়া যাবে মে মাসে।
এ বছর সারা দেশে মোট পাশের হার ৯৩.৭০ শতাংশ, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। পশ্চিমবঙ্গের স্কুলগুলি ভুবনেশ্বর রিজিয়নের অন্তর্গত, যেখানে পাশের হার ৯৪.৬৭ শতাংশ। বিশেষ করে গণিত ও বিজ্ঞান বিষয়ে নম্বর কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধানরা।
শিক্ষকদের মতে, অনিষ্কার ৯৯.২ শতাংশও অত্যন্ত উজ্জ্বল ফল। এখন ভবিষ্যতের জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



